প্রচ্ছদ > খেলা > ক্রিকেট

সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি পিসিবির

article-img

জাম্বিয়ায় আয়োজিত ‘২০তম এশিয়ান লিজেন্ডস লিগ’-এ অংশ নেওয়া পাকিস্তানের কয়েকজন সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ড জানিয়েছে, আইসিসির নিয়ম ভঙ্গ করে অনুমোদনহীন প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এক বিবৃতিতে পিসিবি জানায়, আইসিসির টুর্নামেন্ট অনুমোদন ও খেলোয়াড়দের ছাড়পত্র (এনওসি) সংক্রান্ত নীতিমালা অনুযায়ী এশিয়ান লিজেন্ডস লিগকে অননুমোদিত প্রতিযোগিতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। শুধু তাই নয়, স্বাগতিক দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা জাম্বিয়া ক্রিকেট ইউনিয়ন (জেডসিইউ)-ও এই টুর্নামেন্টকে কোনো ধরনের অনুমোদন বা সমর্থন দেয়নি।

পাকিস্তানের এক ডজনেরও বেশি সাবেক ক্রিকেটার এই লিগে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। গত সপ্তাহে জেডসিইউ এক বিবৃতিতে স্পষ্ট করে জানায়, তাদের অনুমতি বা তত্ত্বাবধান ছাড়াই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

পিসিবি সতর্ক করেছে, প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া যারা এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন এবং তদন্তে দোষী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর ফলে ওই সময়ের মধ্যে তারা পিসিবির অনুমোদন নিয়ে কোনো বিদেশি লিগে অংশ নেওয়ার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পাবেন না।

এ ছাড়া নিষেধাজ্ঞার মেয়াদে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অধীনে কোচ, মেন্টর, পরামর্শক কিংবা অন্য কোনো দায়িত্বও পালন করতে পারবেন না।

বোর্ড আরও মনে করিয়ে দিয়েছে, বিদেশি কোনো টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ড থেকে এনওসি নেওয়া আইসিসির বাধ্যতামূলক নিয়ম। সদস্য বোর্ডগুলোর দায়িত্ব হলো এমন অননুমোদিত প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এই নির্দেশনা কার্যকর না করলে সংশ্লিষ্ট বোর্ডকেও জবাবদিহির মুখে পড়তে হতে পারে।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পিসিবি ইতোমধ্যেই বিষয়টিকে নিয়ম লঙ্ঘনের ঘটনা হিসেবে বিবেচনা করছে। গত ৩০ জুলাই শুরু হওয়া এই টুর্নামেন্টে ছয়টি দল অংশ নিয়েছে। এর মধ্যে পাকিস্তান প্যান্থার্স দলটি পুরোপুরি পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠিত এবং তারা ইতোমধ্যে দুটি ম্যাচও খেলেছে।

প্রতিযোগিতার অন্য দলগুলো হলো ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, বাংলাদেশ টাইগার্স, আফগানিস্তান পাঠান্স এবং এশিয়ান স্টারস। বিভিন্ন দেশের খেলোয়াড়রা এই লিগে অংশ নিলেও, এখন পর্যন্ত শুধু পিসিবিই তাদের খেলোয়াড়দের অংশগ্রহণকে নিয়মবহির্ভূত উল্লেখ করে আনুষ্ঠানিকভাবে শাস্তির সতর্কবার্তা দিয়েছে।

লিগের ওয়েবসাইটে পাকিস্তান প্যান্থার্সের দলে যাদের নাম রয়েছে, তাদের মধ্যে আছেন শারজিল খান, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, উমর আকমল, ইমরান নাজির, সাঈদ আজমল, সোহেল তানভীর, ইয়াসির শাহ, নাভিদ-উল-হাসান, মোহাম্মদ ইরফান, জুলফিকার বাবর, রাহাত আলী, হাসান রাজা, ইয়াসির ভাট ও রানা নাঈম আনোয়ার। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, তালিকাভুক্তদের মধ্যে বেশ কয়েকজন ইতোমধ্যেই এই টুর্নামেন্টের ম্যাচে মাঠে নেমেছেন।


আরো খবর